চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করে। যার প্রভাব সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে। ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশসীমা বন্ধ করায় এ পর্যন্ত ৫০০ ফ্লাইট বাতিল করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকালও বিমানবন্দর কর্তৃপক্ষ ২৩টি ফ্লাইট বাতিল করে।
বিমানবন্দর সূত্র জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকি থাকায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করে। এতে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি ও ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া ১৫ মার্চ (০০০০ এলটির পর) আরও ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট।
অন্যদিকে একই সময়ে সীমিত আকারে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালিতও হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ৫৩৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
বিমানবন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে।