১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস। গতকাল শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা দিয়েছে দূতাবাস।
বর্তমানে সুইডেন দূতাবাস পোল্যান্ডের পক্ষ হয়ে শেনজেন ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করে আসছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে তারা। এই পরিবর্তনের ফলে ১৫ এপ্রিল পর্যন্তই ভিএফএস গ্লোবালের মাধ্যমে সুইডেন দূতাবাসে পোল্যান্ডের ভিসার আবেদন করা যাবে। বার্তায় উল্লেখ করা হয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন হবে ১৫ এপ্রিল। যারা ১৫ এপ্রিলের পর পোল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা আবেদন করতে হবে। দূতাবাস জানিয়েছে, নতুন প্রক্রিয়া ও নির্দেশনা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই হবে সবচেয়ে উপযুক্ত পথ।