ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আজ অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বিরতিহীন। এই দুই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক।
বগুড়া-৬ আসন : এই আসনে প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার। ১৫০টি ভোট কেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাব ১০ টিম (৭০ জন), পুলিশ ১৩২৭ জন ও আনসার ভিডিপির ১৯৯০ জন সদস্য নিয়োজিত করা হয়েছে।
শেরপুর-৩ আসন : এই নির্বাচনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৮টি ভোট কেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়। আজ সেখানে সাধারণ নির্বাচন হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ আগেই জয়যুক্ত হওয়ায় এখন আসন দুটিতে আর গণভোট হবে না।
পোস্টাল ভোটের সুযোগ পাচ্ছেন ৭৩০৯ জন : বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ৭ হাজার ৩০৯ জন। গতকাল ইসি এসব তথ্য জানিয়েছে।
নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের আবেদন অনুমোদনের পর বগুড়া-৬ আসনে প্রবাসী ১ হাজার ২৮১ জন ও দেশের ভিতরে ২ হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। আর শেরপুর-৩ আসনের প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভিতরে ৩ হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। অর্থাৎ মোট ৭ হাজার ৩০৯ জনকে ব্যালট পাঠিয়েছে ইসি। এদের মধ্যে বগুড়া-৬ আসনে ভোট দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পাঠিয়েছেন তিনজন প্রবাসী ও ৬১৬ জন দেশের ভিতরের ভোটার। আর শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রবাসী একজনের ও দেশের ভিতরের ১ হাজার ২৪৫ জনের ভোট। ৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোট গ্রহণ করবেন।