যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনি থেকে ৩০ মাইল দূরে মহাসড়ক ৯-এইচে গত সোমবার সন্ধ্যায় দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশিসহ চারজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ফাতেমা আকতার রত্না (৩৩) ও তার শিশু সন্তান ইকরা (১) নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তারা এখন আলবেনি হাসপাতালে চিকিৎসাধীন বলে সর্বশেষ জানা গেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেট কারের (টয়োটা প্রিয়াস) চালক নাজমুল রুবেল (২৯) এবং তার বাবা মোহাম্মদ হিরামন (৬০) এবং রুবেলের বন্ধু ফাহিম হালিম (২৫)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান বলে কলম্বিয়া কাউন্টি শেরিফ (পুলিশ কমান্ডার) জ্যাকি সালভাতোর জানিয়েছেন। জ্যাকি আরও জানান, টয়োটা প্রিয়াস হঠাৎ করেই কলম্বিয়া কাউন্টির মহাসড়ক ৯-এইচ-এ ভ্যানউইক রোডের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট অপর প্রাইভেট কার টয়োটা ক্রাউনের যাত্রী জুলিয়া রীচিও (৬২) ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি স্টকপোর্টের বাসিন্দা। আর গাড়িটির ২৪ বছর বয়সি চালক লুকা পেলভেনিয়ান আহত হয়েছেন।
অপরদিকে, দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিরা নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন। তাদের জানাজা বুধবার স্থানীয় সময় বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমার ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা। উল্লেখ্য, নিহত নাজমুল রুবেল (২৯) ও তার বাবা মোহাম্মদ হিরামনের (৬০) গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে।