ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর মার্কেট ও দোকানের সামনের বা ফুটপাতের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। মালামাল সরিয়ে না নিলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ডিএসসিসি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন বা আওতাধীন বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানের সামনে বা ফুটপাতে বিভিন্ন ধরনের মালামাল রাখায় ফুটপাত দখল থাকে। এতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এজন্য নিজ উদ্যোগে মালামাল অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট পক্ষের বা দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন ও বিধিবিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।