পুলিশের বিশেষ শাখায় (এসবি) রাতভর আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী তানভীর আহমেদ। জানা যায়, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ সেপ্টেম্বর মামলাটির তদন্তভার র্যাবে হস্তান্তরের আদেশ দেন আদালত।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩-এর এসআই জসিম উদ্দিন জানান, এসবি অফিসে আটকে রেখে মারধর, পাসপোর্ট নিয়ে নেওয়া এবং ফ্ল্যাট দখল নেওয়ার ঘটনা নিয়ে মামলাটি হয়েছে। তারা তদন্ত অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন তানভীর আহমেদকে এসবি অফিসে নিয়ে মারপিট করে গুরুতর জখম করে এবং নানা ভয়ভীতি দেখায়।
এদিকে সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী তাসলিমা বেগম কুইনের অবৈধভাবে অর্জন করা সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।