ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আরও দুই সহযোগীর সঙ্গে সালেহ আহমদ জয়ধর নামের ওই যুবক ভারত সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন বলে জানিয়েছে বিজিবি।
সালেহ আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ জয়ধর (৩০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁওয়ের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারতের অন্তত ১ কিলোমিটার অভ্যন্তরে চংকেটের ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অনুপ্রবেশ করেন। তারা সুপারি বাগানের ভিতর অবস্থান করাকালে ভারতীয় খাসিয়ারা চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে জয়ধর মারা যান। দুই সহযোগী লাশ বাংলাদেশে নিয়ে আসেন।