গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ উপলক্ষে গতকাল জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। সুতরাং গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে; কিন্তু সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সংবিধান সংস্কার ছাড়া রাষ্ট্রব্যবস্থায় কাক্সিক্ষত পরিবর্তন সম্ভব নয়। সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সংগঠন সূত্র জানায়, গতকাল বাদ জুমা ও বাদ আসর চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ মহানগর ও জেলা, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, কক্সবাজার, ফেনী জেলা এবং গোলাপগঞ্জ উপজেলাসহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।