রাজধানীর মহাখালীতে চালকের মুখ বেঁধে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করেছে আনসার সদস্যরা। গতকাল ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন- রিয়াজুল ইসলাম, রাজু মিয়া ও রাজন মিয়া।
আনসার ও ভিডিপি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান জানান, ভোরে একজনের চিৎকার শুনে এগিয়ে যান টহলরত আনসার সদস্যরা। তারা এক ব্যক্তির মুখ বাঁধা অবস্থায় পান। ভুক্তভোগী জানান, সংঘবদ্ধ দল তার রিকশা ছিনতাই করে চালক ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছে। আনসার সদস্যরা ধাওয়া দিয়ে রিকশাসহ তিনজনকে আটক করে। আটকদের কাছ থেকে দুটি ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বনানী থানা পুলিশ জানায়, মামলার পর আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে।