কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের প্রতিবাদ করায় তার মামার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবার দায়ের করা মামলায় গতকাল দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে জেলহাজতে পাঠানো হয়েছে। মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূরসম্পর্কের মামাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা আট বছর বয়সি শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় মেহেদী হাসান শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। শিশুটি তার খালাকে বিষয়টি জানালে তিনি মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে রেফার্ড করেন। এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তনাধীন রয়েছে।