ভোটের প্রচার জমে উঠতেই কলকাতায় ব্যস্ত হয়ে উঠেছে পতাকা তৈরির কারখানাগুলো। নাওয়াখাওয়া ভুলে দিনরাত চলছে রাজনৈতিক দলের পতাকা তৈরির কাজ।
সংশ্লিষ্টরা জানান, ভোটের আগে রাজনৈতিক দলগুলোর প্রচারের হাতিয়ারই দলীয় পতাকা। মিছিল, মিটিং অথবা রাস্তায় টাঙানোর জন্য লাগে দলের পতাকা। আজকের যুগে যতই ডিজিটাল প্রচার বাড়ুক না কেন, পতাকার চাহিদা এতটুকু কমেনি। বরং চাহিদা বেড়েছে। পশ্চিমবঙ্গে পতাকা তৈরির প্রধান এলাকা হাওড়া জেলার জগাছা উনসানি দক্ষিণপাড়া। এখানকার কারখানাগুলোতে সারা বছরই তৈরি হয় নানান ধরনের পতাকা। ভারতের স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে পতাকা তৈরির কাজ বেশি হয়। তবে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে ভোট এলে। এবারেও এর ব্যতিক্রম নয়। জাতীয় নির্বাচন কমিশন দুই দফায় ভোটের তফসিল ঘোষণা করতেই এ কারখানাগুলোতে হুহু করে অর্ডার আসতে শুরু করেছে। শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফের মতো বিরোধী দলগুলোর প্রার্থীরাও হোয়াটসঅ্যাপে তাঁদের পতাকা তৈরির অর্ডার দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উনসানির পতাকা তৈরির কারখানাগুলোর কর্মীরা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করছেন। মাঝে সামান্য সময় টিফিনটাইম। যেভাবেই হোক সময়ের মধ্যে অর্ডারের রাজনৈতিক পতাকা পৌঁছে দিতে হয়। ফলে কাজের চাপের কারণে কারখানার নির্দিষ্ট কর্মী ছাড়াও বাইরের কারিগরদের দিয়েও কখনো কখনো কাজ করাতে হয়। এখান থেকে তৈরি পতাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় পাঠানো হয়। এমনকি কলকাতার বড়বাজারেও পাঠানো হয়। এলাকা ঘুরে জানা গেছে, ভোটের সময় চাহিদা সবচেয়ে বেশি। মূলত ১৫-২০ ইঞ্চি এবং ২০-৩০ ইঞ্চি এ দুই সাইজের পতাকার চাহিদাই সবচেয়ে বেশি। পতাকা তৈরির এক কারিগর বাবলু শেখ জানান, নির্বাচনের আগে থেকেই অর্ডার আসছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাজের অর্ডার আসছে। এখন কাজের ভীষণ চাপ। চাহিদা প্রচুর। অন্য কারিগর শেখ সাইফুল জানান, তিনি ঈদে মাত্র দুই দিন ছুটি পেয়েছেন। তারপর তাঁকে কাজে যোগ দিতে হয়েছে। এখন দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে, যাতে আগেভাগে পতাকা হাতে পেতে পারে দল। সব দলের পতাকা তৈরি করলেও তিনি সবচেয়ে বেশি পতাকা তৈরি করছেন তৃণমূল এবং সিপিআইএমের। কারখানার মালিক রাজু হালদার জানান, বংশপরম্পরায় এ ব্যবসা চলে আসছে। সারা বছর জাতীয় ও বিভিন্ন ধর্মীয় পতাকা তৈরি হয়। তবে নির্বাচন এলেই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তৈরি। এবার তৃণমূল ও বিজেপির দলীয় পতাকার অর্ডার সবচেয়ে বেশি। তারপর সিপিআইএম ও অন্যান্য দল। এই সময় তিনি অনেকটাই লাভের মুখ দেখেন।