থাইল্যান্ডের সোংখলা প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি অবৈধ অভিবাসী ও একজন মিয়ানমারের নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আটকদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। বুধবার বিকালে অভিযান চালানো হয়। এ সময় পরিচয়পত্রহীন অভিবাসীরা রিসোর্টের ভিতরে একটি গোপন কক্ষে গাদাগাদি করে লুকিয়ে ছিলেন। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন। এ জন্য বাংলাদেশি অভিবাসীরা দালালদের প্রত্যেকে প্রায় ৭ লাখ টাকা করে দিয়েছেন বলে জানা গেছে। অভিযানের সময় রিসোর্টের মালিক ৬৬ বছর বয়সি কৃতিদেতকেও গ্রেপ্তার করা হয়। তবে তিনি অভিবাসীদের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
জানা গেছে, বাংলাদেশি অভিবাসীরা প্রথমে বিমানে কম্বোডিয়ায় যান। পরে ৪ এপ্রিল সা কায়েও প্রদেশ দিয়ে পায়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। দুদিন একটি হোটেলে থাকার পর তাদের বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। বুধবার ভোরে একটি পিকআপে করে তাদের ওই রিসোর্টে নেওয়া হয়েছিল। আটকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের খুয়ান মিড পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।