উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। জানা গেছে, গোল্ড অটাম নামে জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। গতকাল এক বিবৃতিতে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
বিবৃতিতে আইএসপিআর জানায়, পাকিস্তান উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে আরব সাগরের উত্তরে গোল্ড অটাম নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। এই সংকেত পেয়ে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে। নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজটিতে নাবিকদের প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া, অগ্নিনির্বাপণে কাজ করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সহায়তা করে। তারা সফলভাবে সাবিকদের উদ্ধার করেছে। উদ্ধার পাওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক রয়েছে। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসাসেবা দেওয়া এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তাদের করাচিতে নেওয়া হয়েছে।