স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করা হচ্ছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যাদের নাম তালিকায় থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ কথা বলেন। র্যাবের অভিযানে মানব পাচারকারী গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার ও আলোচিত ঘটনার আসামি গ্রেপ্তার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চাঁদাবাজদের তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের নাম থাকলে কী হবে-এমন প্রশ্নের জবাবে এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কত দিনের মধ্যে এ তালিকা সম্পন্ন হবে, এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা না জানালেও তিনি বলেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মাঠে অভিযান শুরু করা হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি সব ধরনের চাঁদাবাজিকে এ তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তার কারণে অভিযোগ করেন না। সে ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার চট্টগ্রামে ৫ লাখ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা নাগরিক। এ বিষয়ে র্যাব কর্মকর্তা এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা। এ ছাড়া চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামি মো. সবুজকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দীর্ঘদিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, গজারিয়াসহ বিভিন্ন থানায় ২৮টি মামলা ও জিডি রয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে অপহরণের শিকার চার ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার খুলনার হরিণটানায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকারকে শটগান, ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুধবার থেকে শুক্রবার তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ৪ লাখ ৬৮ হাজার ৪৩৯ লিটার ভোজ্য তেল মজুত রাখার অপরাধে ১৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।