গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্মের পর শঙ্কা কাটিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন প্রসূতি মা মাসুমা আক্তার। শুক্রবার বিকালে টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে স্বজনদের আনন্দাশ্রুর মধ্য দিয়ে তাদের বরণ করা হয়। তিন ছেলে, দুই মেয়েসহ এই বিরল ঘটনাটি এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি করেছে; দূরদূরান্ত থেকে মানুষ শিশুদের দেখতে ভিড় করছে। ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই পাঁচ সন্তানের জন্ম হয়। এর মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। এমন ঘটনা যেমন বিরল, তেমনি ঝুঁকিপূর্ণও।
জন্মের পর তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও সময়মতো চিকিৎসায় মা ও নবজাতকরা এখন সুস্থ। চিকিৎসকরা জানান, পাঁচ শিশুর মোট ওজন প্রায় ৮ কেজি, প্রতিটির গড় ওজন ১.৪-১.৫ কেজি- যা এ ধরনের ক্ষেত্রে আশাব্যঞ্জক।
মাসুমার স্বামী কাজল মিয়া বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারব। আল্লাহর রহমতে আজ আমরা সবাই ভালো আছি- এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।’
পরিবারটি আপাতত গণমাধ্যম এড়িয়ে সন্তানদের স্বাস্থ্য ও গোপনীয়তাকে প্রাধান্য দিচ্ছে। কোনো জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।