যুক্তরাষ্ট্রে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে জানানো হয়, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে থাকা যাবে না। গতকাল এক বার্তায় এসব তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। এতে বলা হয়, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আপনার আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি আপনার বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। আপনি যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আপনার আই-৯৪ এ উল্লেখিত ‘admit until date’ দেখুন। আই-৯৪ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে বিদেশি দর্শনার্থীদের জন্য সিবিপি কর্মকর্তা দ্বারা জারি করা আগমন বা প্রস্থান রেকর্ড (কাগজ বা ইলেকট্রনিক)। এটি বৈধ প্রবেশের ডকুমেন্ট; যেখানে প্রবেশের তারিখ, প্রবেশের শ্রেণি এবং কত তারিখ পর্যন্ত থাকা যাবে (অনুমোদিত থাকার সময়কাল) দেখায়। অভিবাসন অবস্থা এবং কাজের অনুমোদন যাচাইয়ের জন্য এটি অপরিহার্য।