রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ধর্মসিং চাকমা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫) নামে আরও দুই নারী আহত হয়েছেন। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) যুব ফোরামের কর্মী। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছেন ইউপিডিএফ নেতারা।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সশস্ত্র সন্ত্রাসীরা ধর্মসিং চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে ব্রাশফায়ার করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।