মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকা (৯) নামের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যায় জড়িত অভিযোগে পিটুনিতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বনপারিল গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আতিকা আক্তার ওই গ্রামের দুদুল মিয়ার মেয়ে। পিটুনিতে নিহতরা হলেন একই গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার এবং এলাকায় মাইকিং করা হয়। রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার লাশ দেখতে পান স্থানীয়রা। পরিবারের অভিযোগ, সোনার দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু নিহত এবং নাজমুল গুরুতর আহত হন। নাজমুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’