কুমিল্লার মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে একসঙ্গে ন্যাড়া হলেন ৯ জন বন্ধু। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয় এবং সবার নজরে আসে। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে দেখা যায় এই ব্যতিক্রমী দৃশ্য।
খোঁজ নিয়ে জানা যায়, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক বুধবার নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে ৯ বন্ধুও মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান। ন্যাড়া হওয়া বন্ধুরা হলেন- কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর। বন্ধুদের এমন ভালোবাসায় সজীব বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন বন্ধু আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এ ছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি। বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।