১ লাখ ৩৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে চারটি জাহাজ। তিনটিতে ১ লাখ ৮ হাজার টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার টন অকটেন রয়েছে। এ ছাড়া আগামী রবিবার আসবে ডিজেলবোঝাই আরও একটি জাহাজ।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্রে জানা গেছে, গতকাল ওকট্রি, কেপ বনি ও লিয়ান সং হু এবং নেভ সিলো নামে চারটি ট্যাংকার বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে। এর মধ্যে ওকট্রি মালয়েশিয়া থেকে ৩৩ হাজার, কেপ বনি ৩৩ হাজার এবং লিয়ান সং হু ভারত থেকে ৪২ হাজার টন ডিজেল নিয়ে এসেছে। অন্য ট্যাংকার নেভ সিলোতে রয়েছে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন, যা আনা হয়েছে মালয়েশিয়া থেকে। এদিকে এমটি গোল্ডেন হরাইজন নামে আরেকটি ট্যাংকার মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আগামী রবিবার পৌঁছানোর কথা রয়েছে।