মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে ছয়টি স্বর্ণালঙ্কারের দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা শার্টার ভেঙে লুটপাট চালায়। এ ঘটনায় বাজারে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের গৌতম মালোর শ্রীশ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা লুট করা হয়েছে। বিদ্যুৎ মণ্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে নিয়ে গেছে প্রায় ৫ লাখ টাকার মালামাল। এ ছাড়া সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা এবং ১ লাখ টাকা নগদ লুট হয়েছে। পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে নিয়ে গেছে আড়াই ভরি স্বর্ণ ও প্রায় এক কেজি রুপা। স্বদেব মণ্ডলের নিউ কণিকা জুয়েলার্সের এক ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা লুট করা হয়। ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও নিয়েছে প্রায় সাত ভরি রুপা। জিয়া স্টোর নামের মুদি দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ লুট হয়েছে।
নিউ কণিকা জুয়েলার্স মালিক স্বদেব মণ্ডল বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। রাতে বাজারে ডাকাতি হয়েছে। এসে দেখি দোকানের সব মালপত্র ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা।
নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স মালিক পরিমল মালো বলেন, রাতে বাজারে পুলিশের টহল অব্যাহত থাকলে এমন ঘটনা ঘটত না। এখন বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় আছি।