ভোলায় রাতের আঁধারে ঘরে ঢুকে নাসিমা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়ে মরার ভান করায় বেঁচে যায় তার সাত বছর বয়সি ছেলে। নাসিমার স্বামী দুবাইপ্রবাসী। শুক্রবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শরীফ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মো. জিহাদ নামে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সরদার বাড়িতে বসবাস করতেন দুবাইপ্রবাসী আল-আমিনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম। শুক্রবার রাতে খাবার শেষে ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভিতরে ঢোকে। এরপর নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। শিশু আবির জানায়, রাতের আঁধারে জামাল মেম্বারের ছেলে জিহাদ ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করে পড়ে থাকায় জিহাদ চলে যায়। এরপর সে ঘরের বাইরে এসে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। নাসিমার চাচাশ্বশুর নাজিম উদ্দীন জানান, নাসিমার শিশুপুত্র আবির আহত অবস্থায় এসে তাদের জানায় মেম্বারের ছেলে জিহাদ তার মাকে হত্যা করেছে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। এরপর শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম জানান, শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত সন্দেহে মো. জিহাদকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।