রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় একটি বিরল প্রজাতির মালায়ান নাইট হিরণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল উপজেলার কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়। তবে পাচারকারী কাউকে আটক করা যায়নি।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ব্যাঙছড়ি ঘাট এলাকায় পাখিটি বিক্রির উদ্দেশে পাচারকারীরা অবস্থান করছে এমন খবর পেয়ে বন বিভাগের সদস্যরা অভিযানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা পাখিটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিপূর্ণ সুস্থ হলে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার অভয়ারণ্যে অবমুক্ত করা হবে। বন কর্মকর্তারা বলেন, শারীরিক গঠন দেখে পাখিটিকে পূর্ণবয়স্ক মনে হয়েছে। গায়ের রং গাঢ় দারুচিনি বাদামি। মাথার ওপর কালো ঝুঁটি রয়েছে। এসব পাখি সাধারণত কেঁচো ব্যাঙ এবং ছোট পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। প্রসঙ্গত, মালায়ন নাইট হিরণ বা মালয় নাইট হেরণ যার বৈজ্ঞানিক নাম : গোরসাচিয়াস মেলানোলোফাস, যা টাইগার বিটার্ন নামেও পরিচিত। দক্ষিণ ও পূর্ব এশিয়াজুড়ে বিস্তৃত এই বকজাতীয় পাখিটি সাধারণত ঘন বনাঞ্চলে বিচরণ করে। কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় এ প্রজাতির উপস্থিতি রয়েছে। আইইউসিএনের মতে, বাসযোগ্য পরিবেশ না থাকার কারণে বাংলাদেশে এসব পাখি ঝুঁকিতে রয়েছে।