গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের মাল না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিন রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মার্কেটের মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন, কর্মচারী শান্ত ও শ্যামল। অভিযুক্তরা হলেন- রানা ভান্ডারি (৪০) ও তার ছোট ভাই মামুন (৩০)। তারা কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে।
দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভান্ডারি তার দোকান থেকে থাইসহ বিভিন্ন মালামাল কিনতেন। আগেই তার কাছে টাকা পাওনা আছে। শনিবার রানা ভান্ডারি ৭২ হাজার টাকার থাই মালামাল কিনতে আসেন। এ সময় তিনি ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। মঙ্গলবার বাকি ৪২ হাজার টাকা পরিশোধ করে মাল নেওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকালে থাই গ্লাস নিতে এলে ৪২ হাজার টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে দোকান কর্মচারী শ্যামলকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীংমাসা করে দেন। পরে রাত ৮টার দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০-৪০ জন এসে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের বাধা দিতে গেলে মার্কেট মালিক কামাল ফকির ও তার ভাগিনা সিয়াম, দোকানের ম্যানেজার শাহিন ও শান্ত আহত হন। দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন।