২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি ও এইচএসসি ৬ জুন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত সময়সূচির কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা জুনে শুরু করে দ্রুত শেষ করতে চাই, যাতে উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুকরা ফল সেমিস্টারে ভর্তিটা ধরতে পারে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়।’ এই সময় আরও কমিয়ে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মিলন বলেন, ‘এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষার জন্য আমরা রেজাল্ট দিতে দুই মাস সময় বেঁধে দিয়েছি। তবে সব যখন অ্যাডভান্স হচ্ছে, এই সময়ও কমিয়ে আনা হবে। দ্রুত ফল প্রকাশ করা হবে।’