সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হওয়ায় রক্ষা পান যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানান, ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর এগোতেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। পরে চালক গতি কমিয়ে আনলে যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানান, ইঞ্জিনের সাইলেন্সারের কাছে কাপড়জাতীয় কিছু শুকাতে দেওয়ার কারণে অতিরিক্ত তাপে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।