রাজশাহীর বাঘায় গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত স্বপন ব্যাপারী (৪০) নামে একজনের লাশ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত জিয়াউল হক (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।
স্বপন ব্যাপারী কালিদাসখালির সিদ্দিক ব্যাপারীর ছেলে এবং জিয়াউল হক নিচপলাসীর শুকুর আলীর ছেলে। জিয়াউল পদ্মা নদীতে মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন। গোলাগুলির সময় এলাকাবাসীর চিৎকার শুনে এগিয়ে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গভীর রাতে ১০-১২ দুষ্কৃতকারী হামলা চালিয়ে স্বপনকে গুলি করে হত্যা করে। তারাই ট্রলারে করে স্বপনের লাশ নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। লাশের সন্ধানে অভিযান চলছে। ঘটনাস্থল থেকে স্বপনের রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, রাত ১২টার দিকে দুটি ট্রলারে ১৫-১৬ জন আসে। এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বাড়ির বাইরে বের হলে তারা আমাকে গালাগাল করে। এ সময় বাড়ির সামনে স্বপনকে ধরে ফেলে। একপর্যায়ে তাকে গুলি করে এবং ট্রলারে তুলে নিয়ে চলে যায়।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, স্থানীয় বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। এ ঘটনাও সেই কারণে ঘটেছে কি না তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।