বাংলা ভাষা ও সাহিত্যের সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা–তে উন্মোচিত হয়েছে সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ–এর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে। কিশোরদের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার গল্প নিয়ে রচিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী–এর মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক পলাশ মাহাবুব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামান। অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষা দুপুর প্রকাশনী।
লেখক এম এম বাদশাহ বলেন, বইটির প্রতিটি গল্পে কিশোরদের জীবনের বাস্তবতা, তাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের সাহসিকতার কথা তুলে ধরার চেষ্টা করেছি।
সাংবাদিক নয়ন মুরাদ–এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই বইয়ের মূল বার্তা হলো—স্বপ্নকে লুকিয়ে রাখলে ভয় বাড়ে, কিন্তু পরিকল্পনা করে এগোলে পথ খুলে যায়।
‘গোপন স্বপ্নের খোঁজে’ বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা–তে বর্ষা দুপুর প্রকাশনীর স্টলে। কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাহিত্যপ্রেমীরা।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম হাসান রুবেল, এআই বিশেষজ্ঞ মশিউর রহমান প্রান্ত, সাংবাদিক এফ এম বায়জিদ, ব্যাংকার প্রদীপ বিশ্বাস, শিশু শিল্পী প্রত্যয় ও শৈল্পিক স্বপ্ন’র প্রতিষ্ঠাতা নাজনীন খানম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল