পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পে সুবিধাভোগী নির্বাচন করতে গিয়ে কোনো দল বা মতাদর্শ বিবেচনা করা হয়নি। নির্ধারিত কয়েকটি মানদণ্ডের ভিত্তিতেই উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পে যাদের নির্বাচন করা হয়েছে, সেখানে কে কোন দলের বা মতের—এটি বিবেচনা করা হয়নি। নির্ধারিত মানদণ্ড মেনেই নির্বাচন করা হয়েছে।
তিনি আরও বলেন, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বাঞ্ছারামপুরের স্বার্থ বাঞ্ছারামপুরবাসীর কাছে সবার আগে।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র মানুষের ভোটের অধিকার—যা রক্ত দিয়ে অর্জিত। জনগণের স্বার্থে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য। তবে একটি দল একজন উপদেষ্টার বক্তব্য বিকৃত করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় বহন করেছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি এটিএম মুসা প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি