নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘ বাংলাদেশ ও লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠাসহ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব রয়েছে। পরিবার, রাস্তা, পাড়া ও সমাজের প্রতিটি স্তরে দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিগত মানসিকতার পরিবর্তন জরুরি।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত প্রধান বাইবা জারিনা বলেন, তরুণদের বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়, নীতিনির্ধারণ তখনই শক্তিশালী হয়, যখন তা প্রভাবিত মানুষের কণ্ঠকে গুরুত্ব দেয়।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, বিশ্বের কোথাও লিঙ্গসমতা পুরোপুরি অর্জিত হয়নি। তাই এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সাবিহা ইয়াসমিন রোজি ও তানিয়া হক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তাইয়াবুর রহমান ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক স্টিফেন ফোর্বস।
অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক বক্তব্য পর্ব। সেখানে তারা সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক ধ্যানধারণা এবং ন্যায়বিচারে প্রবেশাধিকারের নানা বাধা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন।
আয়োজনে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ক কার্টুন এবং ভিজ্যুয়াল আর্টের একটি প্রদর্শনীও উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীতে শিল্পের মাধ্যমে নারী অধিকার ও সমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
বিডি প্রতিদিন/কেএ