দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ বলে কয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকা চাই।
মঙ্গলবার দুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সচিবালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মাধ্যমে বাংলাদেশ যেমন রোল মডেলে পরিণত হয়েছে, তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাবার সব উপায় কাজে লাগাতে হবে। এ জন্য প্রয়োজন সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয়, সৌহার্দ্য ও সম্প্রীতি।
প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই