বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, যতবারই দেশ ক্রান্তিকালে পড়েছে, এই একটি পরিবার বাংলাদেশি এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।
শনিবার নগরীর জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র বাংলাদেশের আত্মিক অর্থে স্বাধীনতাকে দেননি। উনি বাক-স্বাধীনতা ফেরত দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছেন, উনি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ফেরত দিয়েছেন এবং একই সাথে উনি বাংলাদেশের সার্বভৌমত্বের স্বাধীনতা ফেরত দিয়েছেন। আজকের দিন পর্যন্ত অর্থনীতির যে তিনটি স্তম্ভের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে কৃষি ক্ষেত্র, আরএমজি সেক্টর অর্থাৎ গার্মেন্টস সেক্টর এবং শ্রম রপ্তানি সেক্টর-এই তিনটিরই প্রবক্তা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
পিআরইউর মতো আরও সংগঠন দেশে দরকার মন্তব্য করে তিনি বলেন, এখন সময় এসেছে ১৭ বছরের যে মিথ্যা প্রোপাগান্ডা করা হয়েছে, জেল হত্যা মামলায় ওনাকে আসামি দেখানো হয়েছে। জেল হত্যা মামলা হয়েছে চৌঠা নভেম্বর। অথচ তেসরা নভেম্বর থেকে উনি ওনার ঘরে গৃহবন্দী। এই সব মিথ্যা কথা বলে বাংলাদেশিদের বিভ্রান্ত করবে, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ প্রজন্মদের বিভ্রান্ত করবে। এজন্যই বক্তব্যের শুরুতে বলেছি, আজকে যে অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে, এদের মত আরও সংগঠন হতে হবে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আরও মানুষকে জানায়, আরও জানে এবং সত্য ইতিহাসটা তুলে ধরে।
পিআরইউর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউ উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা।
বক্তব্য রাখেন পিআরইউ’র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, শহীদ জিয়াউর রহমান কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ জাকির হোসেন, সৈয়দ নেছার উদ্দিন বুলু, পিআরইউ সদস্য মোহাম্মদ আলী, নূর হোসেন মামুন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মনজুর মোরশেদ রণি, তৌহিদুল রহমান, হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল বিন মনির, সরকারি কর্মাস কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী রায়হান, এমইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিব মির্জা ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই