মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার খাপ্পারপুর গ্রামে। সেখানে একই পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিনজনই শিশু। প্রাথমিকভাবে ঘটনাটিকে গণ-আত্মহত্যা বলে মনে করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার চিরকুট, ঘরের দেয়ালে লেখা একটি বার্তা এবং পরিবারের কর্তার ধারণ করা একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী কৃষক মনীশ কুমার, তার ৩২ বছর বয়সী স্ত্রী এবং তাদের তিন নাবালক সন্তান (দুই কন্যা ও এক পুত্র)।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানান, বাড়ির একটি কক্ষের ভেতর তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে আত্মহত্যার চিরকুট ও ভিডিওতে কী লেখা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।
পুলিশ বলছে, মনীশ কুমারের ভাই প্রথম ঘটনাটি পুলিশকে জানান। সকালে শিশুদের খেলতে বের হতে না দেখে তিনি বিষয়টি সন্দেহজনক মনে করেন। এরপর দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে দরজা ভেঙে পরিবারের সদস্যদের মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন গ্রামবাসী ছিলেন বলে জানান এসএসপি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ