জেলের খাবার কেমন, কয়েদিদের দৈনন্দিন জীবন কীভাবে কাটে কিংবা বন্দিজীবনের অনুভূতি কেমন- এসব জানার সুযোগ করে দিচ্ছে ভারতের হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। অভিনব এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ফিল দ্য জেল’ বা ‘কারাবাস অনুভব করুন’।
এই প্রকল্পের আওতায় সাধারণ নাগরিকরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে জেলে একদিন বা অর্ধদিবস কাটানোর অভিজ্ঞতা নিতে পারবেন। এতে ২৪ ঘণ্টা কারাবাসের অভিজ্ঞতা নিতে খরচ হবে ২ হাজার টাকা। আর ১২ ঘণ্টার জন্য গুনতে হবে ১ হাজার টাকা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অংশগ্রহণকারীদের জন্য আলাদা সেল তৈরি করা হয়েছে। সেখানে থাকতে হলে মানতে হবে জেলের নিয়মকানুন ও দৈনন্দিন রুটিন। বন্দিদের মতো একই ধরনের পোশাক পরতে হবে এবং পরিবেশন করা হবে কয়েদিদের খাবারও।
হায়দরাবাদ সেন্ট্রাল জেলের কর্মকর্তারা বলছেন, বন্দিজীবনের বাস্তবতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে তরুণদের মধ্যে আইন-শৃঙ্খলা সম্পর্কে সচেতনতা তৈরি এবং অপরাধ থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচি চালু করা হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতার প্রকৃত মূল্য বোঝানো এবং মানুষকে সৎপথে চলার অনুপ্রেরণা দিতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
এদিকে সম্প্রতি হায়দরাবাদে একটি জেল সংগ্রহশালারও উদ্বোধন করা হয়েছে। সেখানে নিজামের আমলের কারাগার ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক সংশোধনমূলক কারাগারের বিবর্তন তুলে ধরা হয়েছে।। সংগ্রহশালায় রয়েছে পুরোনো শেকল, ঐতিহ্যবাহী সেলের প্রতিরূপ এবং বিভিন্ন বন্দির স্মৃতিচিহ্ন।
এছাড়া ভক্ত রামদাসু ও দশরথী কৃষ্ণমাচার্যুলুর মতো ঐতিহাসিক বন্দিদের জীবনকাহিনী, কারাগারের শিল্পচর্চা, পুনর্বাসন কার্যক্রম এবং নাগার্জুন সাগর বাঁধ নির্মাণে বন্দিদের অবদানের তথ্যও স্থান পেয়েছে সেখানে।
এর আগে, তেলঙ্গানার সাঙ্গারেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামে চালু হওয়া ‘একদিনের জেল অভিজ্ঞতা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই ধারণা থেকেই এবার চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল এই নতুন উদ্যোগ চালু করেছে।
সম্প্রতি তেলঙ্গানার রাজ্যপাল শিবপ্রতাপ শুক্ল এই প্রকল্প ও নতুন জাদুঘরের উদ্বোধন করেন। তিনি বলেন, একটি প্রগতিশীল সমাজে শুধু শাস্তি নয়, পুনর্বাসন ও দ্বিতীয় সুযোগের বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম কারাগার জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আইন মেনে চলার গুরুত্বও উপলব্ধি করতে পারবে বলে কারা কর্তৃপক্ষের আশা।
সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/তানিয়া