ফরেনসিক সাইকোলজি হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে অপরাধ, অপরাধী এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে মানুষের মানসিক আচরণ বিশ্লেষণ করা হয়। এর সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে বডি ল্যাংগুয়েজ ভিত্তিক মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
ক্র্যাবের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস) ও র্যাপিড সলিউশন বিডির সহযোগিতায় সোমবার ক্র্যাব মিলনায়তনের তৃতীয় তলায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বর্তমানে বড় ধরনের অপরাধ—যেমন খুন, ধর্ষণ, সিরিয়াল অপরাধ বা জঙ্গিবাদ সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে ফরেনসিক সাইকোলজির ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। প্রশিক্ষণ কর্মশালায় চাঞ্চল্যকর কোনো অপরাধে জড়িত ব্যক্তির বাচনভঙ্গি, মনস্তাত্ত্বিক অবস্থান, অপরাধের কারণ, সত্য বলছে কি না—এসব বোঝার উপায় তুলে ধরা হয়।
প্রশিক্ষক হিসেবে ফরেনসিক সাইকোলজির নানা দিক উদাহরণসহ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস)-এর পরিচালক পিএইচডি গবেষক মো. মিরাজ হোসেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং র্যাপিড সলিউশন বিডির সিইও সোহাগ বিন সাইফুল্লাহ।
বিডি-প্রতিদিন/মাইনুল