প্রশাসনে দ্রুতহারে কমছে অতিরিক্ত সচিবের পদ। নিয়মিত পদোন্নতি না হওয়ায় একদিকে কর্মকর্তাদের সংখ্যা কমছে। অন্যদিকে, বিভিন্ন প্রতিষ্ঠান ধুঁকছে কর্মকর্তার অভাবে। ৪১৮টি অতিরিক্ত সচিবের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন ৩২৩ জন। যা আগামী মাসে এ সংখ্যা হবে ২৬০ জন। ফলে দেড় শতাধিক অতিরিক্ত সচিবের শূন্য পদ পূরণের কোনো উদ্যোগ নেই জনপ্রশাসনের।
আবার নির্বাচনের তফসিল হয়ে গেছে বলে আরও গা ছাড়া ভাব বিরাজ করছে। অনেক কাজে স্থবিরতাও দেখা গেছে। এজন্য দ্রুত অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রশাসনিক স্থবিরতা কাটানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরই একবার অতিরিক্ত সচিবদেরও পদোন্নতি হয়ে থাকে। ২০২৩ সালে মে মাসে ১৮ বিসিএস ব্যাচকে অতিরিক্ত সচিব করা হয়েছিল।
এর মধ্যে ১৯ মাস পার হলেও ২০তম ব্যাচকে পদোন্নতি দেওয়া হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বৈঠক করলেও তা আলোর মুখ দেখেনি। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার পদোন্নতি না দিতে চাইলেও এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। এখন তফসিল হয়ে গেছে। রেওয়াজ অনুযায়ী তফসিলের পর আর পদোন্নতি দেওয়া হয় না। তবে পদোন্নতির ক্ষেত্রে আইনি বাধা নেই।
জনপ্রশাসনের পরিসংখ্যান বলছে, বিসিএস নবম ব্যাচ যুগ্ম সচিব পদোন্নতির দুই বছর আট মাস পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছিল। পূর্ববর্তী পদোন্নতির মাত্র এক বছরের মাথায় তারা পদোন্নতি পান। ১০ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব হওয়ার তিন বছর চার মাসের মাথায় অতিরিক্ত সচিব হয়েছিলেন। ১১তম ব্যাচ যুগ্ম সচিব হওয়ার দুই বছর ১১ মাসের মাথায় অতিরিক্ত সচিব হয়। ১৩তম ব্যাচ যুগ্ম সচিব হওয়ার দুই বছর ৯ মাসের মাথায় পদোন্নতি পেয়েছিল। ১৫তম ব্যাচের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হতে সময় লেগেছিল সাড়ে ৩ বছর। ১৭তম ব্যাচ যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ পেয়েছিল তিন বছর ১১ মাস পর। ১৮তম ব্যাচ যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছিল ২০২৪ সালে। এ ব্যাচের সময় লেগেছিল তিন বছর ১০ মাস। কিন্তু ২০তম ব্যাচ যুগ্ম সচিব হওয়ার পর চার বছর পেরিয়ে গেলেও পদোন্নতির খবর নেই। এ ব্যাচের আগের ব্যাচ ১৮ মাস আগে অতিরিক্ত সচিব হয়। এ নিয়ে ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ, হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হককে ফোন করা হলেও তার সাড়া মেলেনি।