কৃষি জমি অকৃষিকাজে ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তরে বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, আমাদের অ্যাগ্রোডাইভারসিটি (কৃষি বাস্তুতন্ত্র) রক্ষা করতে হবে। অ্যাগ্রোডাইভারসিটির ক্ষতি করে আমরা এগোতে পারব না। সেজন্য কৃষি জমি অকৃষিকাজে ব্যবহার কমাতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন দেশি জাতের ধান শনাক্ত করে এগুলোর উৎপাদন বাড়াতে হবে। বোরো ধান চাষে ইরিগেশনের (পানি সরবরাহ ব্যবস্থার) জন্য বরেন্দ্র এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে কি না সেটা আমাদের খুঁজে দেখতে হবে।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্রির পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ এবং বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সফরসঙ্গী, নয়া কৃষি আন্দোলনের জাহাঙ্গীর আলম জনি এবং উভিনিগের কনসালটেন্ট ডক্টর আব্দুস সোবহানসহ প্রায় ১৫ জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রি জিন ব্যাংক, ফার্ম মেশিনারি শেড ও ব্রি রাইস মিউজিয়াম পরিদর্শন করেন। তিনি ব্রির কার্যক্রম, সাফল্য ও অর্জন সম্পর্কে জেনে তাদের প্রশংসা করেন।
বিডি-প্রতিদিন/এমই