চলতি ফেব্রুয়ারি থেকে আগামী মার্চ ও এপ্রিলে দেশে অন্তত ৭টি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই ৩ মাসে কয়েক দফায় বজ্র ও শিলাবৃষ্টিসহ হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। পাশাপাশি এই সময়ে সাগরে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।
তিন মাসের (ফেব্রুয়ারি-এপ্রিল, ২০২৬) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল নাগাদ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এই সময়ের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এছাড়াও এই তিন মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি অথবা বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/শআ