ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন না করায় রাঙামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুনকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিপ্যাড) ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন আবদুল্লাহ আল মামুন। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বিলাইছড়ি শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত।
তবে কোনো ধরনের পূর্ব অবগতি ছাড়াই তিনি নির্বাচনের দিন দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। নির্বাচন কমিশনের মতে, এ ধরনের আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য।
এ প্রেক্ষিতে আইনের ধারা ৫(৩) অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইনের ধারা ৫(১) ও ৫(২) অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/মুসা