গণভোটের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি আগামী ১০ এপ্রিল দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে।
শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হয়।
বৈঠকে দলের আমির মাওলানা মামুনুল হক বিক্ষোভ ও গণসমাবেশ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অসংখ্য অধ্যাদেশ তারা এখন বাতিল ও সংশোধন করছে; অথচ এসব অধ্যাদেশ জারির সময় তারা কোনো বিরোধিতা করেনি। বরং ক্ষেত্রবিশেষে কিছু অধ্যাদেশকে স্বাগত জানিয়েছে এবং কিছু তাদের দাবির পরিপ্রেক্ষিতে জারি হয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সরকার মূলত গণভোটের রায়কে অমান্য করছে, যা একটি ভয়ংকর সংকটের সূচনা।
বৈঠকটি পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ। বৈঠকে আরও আলোচনা করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী সাঈদ নূর, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান।
বৈঠকে দেশে তেল সংকট ও শিশুদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ টিকার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া বৈঠকে ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার অব্যাহত হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং ইসরায়েলকে প্রতিহত করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ