জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে তীব্র সমালোচনা ও অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, বাস মালিক সমিতির কিছু প্রভাবশালী নেতা সরকার-সমর্থিত প্রক্রিয়ায় ভাড়া বাড়ানোর “একচেটিয়া পাঁয়তারা” করছে।
রবিবার রাতে বিআরটিএ সদর দপ্তরে গোপনে ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠকের খবর পেয়ে সংগঠনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা জনস্বার্থবিরোধী।
তিনি বলেন, অতীতে জ্বালানি তেলের দাম কমার সময় ভাড়া সামান্য হারে কমানো হলেও এবার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে যাত্রীদের পক্ষ থেকে প্রতিকিলোমিটারে ১৫ পয়সা হারে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, আমলাতন্ত্রকে প্রভাবিত করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে এবং জনঅসন্তোষ বাড়বে।
এ অবস্থায় বাস মালিকদের একচেটিয়া সুবিধা দেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/এআইএস