পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, এসি বাসের ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঈদুল আজহার আগেই নির্ধারণ করবে। এ বিষয়ে বিআরটিএ ও বাস মালিক সমিতির মধ্যে আলোচনা চলছে। প্রয়োজন হলে ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে, যা আসন্ন ঈদে কার্যকর হবে।
তিনি বলেন, ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ উন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থার মান বাড়াতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদুল আজহা উপলক্ষে শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। একইসঙ্গে আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুত ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রবাসীদের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের জন্য প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালুর কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি বলেন, এছাড়া সরকারি অফিসগুলোতে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে গাড়ি ঋণ সুবিধা স্থগিত এবং আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিডি প্রতিদিন/কেএ