গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে ও অভ্যন্তরে হাওর অববাহিকায় বৃষ্টিপাত কমায় পাঁচটি নদীর পানি কমতে শুরু করেছে। এতে উন্নতি হতে পারে ছয় জেলার বন্যা পরিস্থিতির।
রবিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।
পাউবো জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে ও অভ্যন্তরে হাওর অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে আগামী দুই দিন মাঝারি থেকে মাঝারি-ভারী এবং তৃতীয় দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল আগামী দুই দিন হ্রাস পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে; ফলে সুনামগঞ্জ জেলার কুশিয়ারা অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে ও সোমেশ্বরী নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোনা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এ ছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। নেত্রকোনা জেলার মগরা নদীর পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোনা জেলার মগরা অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু নদীর পানি সমতল আগামী একদিন হ্রাস পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। খোয়াই ও জুড়ি নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং সুতাং নদীর পানির সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে। ফলে হবিগঞ্জ জেলার সুতাং অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই