আগামী জুন মাসের শেষের দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় পুরোদমে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় আরও জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশেষ কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আবদুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গৃহীত প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা ও বর্তমান চিত্র তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে। গ্যাস বিপণন নিয়মাবলী-২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি-২০২৬ প্রণয়ন করা হয়েছে। এরপর দেশের চলমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্যরা তাদের মতামত জানান। এরপর জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটিতে জমা দিতে বলা হয়। এ ছাড়া প্রয়োজনীয় সুপারিশসহ কমিটির প্রতিবেদন সংসদের আগামী অধিবেশনে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি