পুরান ঢাকার শ্যামবাজারে ব্যবসায়ী আবদুর রহমানকে ব্যবসায়িক বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এ হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলী পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ তথ্য জানায় র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার শ্যামবাজারে মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে মসলা ব্যবসায়ী ও শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি আবদুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের হলে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
ওইদিন রাতেই র্যাব-১০ এর একটি দল র্যাব-৪ এর সহযোগিতায় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নয়ন ও পলাশকে গ্রেপ্তার করে। নয়নের স্বীকারোক্তির ভিত্তিতে কদমতলীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ২০ রাউন্ড তাজা কার্তুজ ও হত্যায় ব্যবহৃত দুটি খালি খোসা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নয়ন একজন ব্যবসায়ী এবং ‘রহমত উল্লাহ গ্রুপে’র চেয়ারম্যান। ২০২৪ সালের অক্টোবরে তিনি আবদুর রহমানের মাধ্যমে ৬০ লাখ টাকায় শ্যামবাজার কাঁচাবাজারের একটি দোকান কেনেন। কিন্তু দোকান হস্তান্তরের সময় আবদুর রহমান অতিরিক্ত ২৪ লাখ টাকা দাবি করায় তাদের মধ্যে বিরোধ হয়। এরপরই আবদুর রহমানকে হত্যার পরিকল্পনা করেন নয়ন। গত সেপ্টেম্বরে ১ লাখ ৫ হাজার টাকায় একটি বিদেশি রিভলভার কেনেন এবং হত্যার পর পালিয়ে নেপালে যাওয়ার জন্য অন-অ্যারাইভাল ভিসার আবেদন করেন। এমনকি ১৩ ডিসেম্বর ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটের টিকিটও বুকিং করেছিলেন নয়ন।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, ঘটনার দিন সকালে নয়ন তার শ্যালক পলাশের সঙ্গে পোস্তগোলায় দেখা করে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন। সকাল সাড়ে ৯টার দিকে আবদুর রহমান মাওলাবক্সের গলি দিয়ে দোকানে যাওয়ার সময় নয়ন পথরোধ করে প্রথমে বুকে গুলি করেন। মাটিতে লুটিয়ে পড়লে মাথায় আরও একটি গুলি করে পালিয়ে যান। প্রথমে তারা নারায়ণগঞ্জে আত্মগোপনের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে মিরপুর-১০ হয়ে কল্যাণপুর বাসস্ট্যান্ডে পালানোর চেষ্টা করেন। তখন তাদের গ্রেপ্তার করে র্যাব।