বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা বিষয়ে সতর্কতা দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। গতকাল দূতাবাসের এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা দিয়েছে যে, পরবর্তী সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভও যে কোনো সময় সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং বড় সমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় নাগরিকদের জন্য দূতাবাস আরও কিছু পরামর্শ দিয়েছে।
সেগুলো হলো আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করা, ভিড় এড়িয়ে চলা এবং যে কোনো ধরনের বিক্ষোভ থেকে দূরে থাকা।