আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াইফাই (ভিও ওয়াইফাই) কলিং সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের এ সেবার মাধ্যমে সারা দেশের গ্রাহক মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াইফাই ব্যবহার করে উন্নতমানের ভয়েস কল করতে পারবেন।
দেশব্যাপী এ সেবা চালু হওয়ার ফলে গ্রাহক তাদের বাসা বা অফিসের ওয়াইফাই ব্যবহার করে এইচডি ভয়েস কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন কলিং উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবেন নেটওয়ার্কের কভারেজ দুর্বল, যেমন উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থাপনা ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহক।
দেশে প্রথমবারের মতো এ প্রযুক্তি চালু করা প্রথম মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংক সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ভিও ওয়াইফাই সেবা উন্মোচন করে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট এলাকায় পরিচালিত পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা ও গ্রাহকের মতামতের ভিত্তিতে সেবার অভিজ্ঞতা মূল্যায়ন করে সেবার মান উন্নত করা হয়। মানসম্পন্ন কলিং সেবা নিশ্চিতে উদ্ভাবনী এ প্রযুক্তির উন্মোচন নিয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘স্থান ও অবকাঠামো নির্বিশেষে কানেকটিভিটির ক্ষেত্রে বিদ্যমান সব গ্যাপ দূর করে স্পষ্ট ও উচ্চমানসম্পন্ন কলিং সেবা নিশ্চিত করবে ভিও ওয়াইফাই প্রযুক্তি।’ -বিজ্ঞপ্তি