বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী। ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।