বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস গতকাল পালিত হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় মহানায়িকার পৈতৃক বাড়ি শহরের হেমসাগর লেনে ‘সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ’র উদ্যোগে সংগ্রহশালার ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে মহানায়িকার প্রয়াণে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের কার্যকরী সদস্য ফজলুর রহমান, অর্থ সম্পাদক ড. হাবিবুল্লাহ, পূর্ণিমা ইসলাম, সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, সহসভাপতি ফরিদুল ইসলাম খোকন, শিশির ইসলাম, কার্যকরী সদস্য মামুন সাব্বির প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক পান্না বিশ্বাস, পাবনা গণশিল্পী সংগঠনের সীমান্ত আজাদ, সাংস্কৃতিক কর্মী বিপ্লব ভৌমিক, হাসান প্রমুখ। স্মরণ সভায় বক্তারা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করেন। বক্তারা বলেন, বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দিনে দিনে বিষয়টি চাপা পড়ে যাচ্ছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা বা ফিল্ম আর্কাইভ এবং একটি ফিল্ম ইনস্টিটিউট করা হোক।