অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গতকাল কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল, গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আবদুল গাফফার, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ আবাসন ব্যবসার পাশাপাশি স্বাধীন তথ্যপ্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগ করে দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছে। এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তর তার বাস্তব উদাহরণ। এ সময় তিনি এশিয়ান টিভির সবাইকে আন্তরিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহ্বান জানান।